বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপা পড়ে রাজধানীর আজিমপুরে জিহাদ নামে ৭ বছর বয়সী এক শিশু মারা যাওয়ার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী আব্দুল হালিম।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, গণপূর্ত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইওসহ ৯ জন বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব না এলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে নোটিশে।
এর আগে গত ৯ নভেম্বর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপা পড়ে জিহাদের মৃত্যু হয়। জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পানবিক্রেতা নাজির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।
শিশুটির বাবা নাজির হোসেন বলেন, জিহাদ আজিমপুর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ছেলেকে হাতে ধরে আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে চাপা পড়ে জিহাদ। এ অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



























