‘দেশে আড়াই কোটি ডোজের বেশি টিকা মজুত আছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৩:২৬ পিএম
‘দেশে আড়াই কোটি ডোজের বেশি টিকা মজুত আছে’
ফাইল ছবি

দেশে আড়াই কোটি ডোজের বেশি টিকা মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রমক রোগনিয়ন্ত্রণ বিভাগ) ডা. মোহাম্মদ রোবেদ আমিন।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, আগামী ২-৩ মাসের মধ্যে বিভিন্ন দেশ থেকে আরও ১০ কোটি করোনাভাইরাসের টিকা আসবে। এছাড়া আড়াই কোটি ডোজেরও বেশি টিকা মজুত রয়েছে। এর ফলে করোনার সংক্রমণ প্রতিরোধে দেশের বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে।”

ডা. রোবেদ আমিন বলেন, “ গতকাল (মঙ্গলবার) পর্যন্ত সারা দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।

এর আগে এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

প্রথম দিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরবর্তী সময়ে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।
 

Link copied!