দীপাবলির পুজো, আর মিষ্টিমুখ হবে না তা কি হয়। পুজোর উৎসবে অতিথি আপ্যায়নের প্রধান থাকে মিষ্টি বা মিষ্টিজাতীয় কোনো খাবার। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দীপাবলিতেও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে শুরু হয়েছে ঘরে ঘরে তোড়জোড়। মিষ্টি বানানোর ধুম। এই পুজোয় বিশেষত্ব হচ্ছে প্রদীপ জ্বেলে ঘর সাজানো। সেই সঙ্গে পরিবারের সদস্য়সহ বাসায় আসা অতিথিকে মিষ্টিমুখ করানোও একটা বিশেষ রীতি রয়েছে।
দীপাবলির এবারের উৎসবে অতিথি আপ্যায়নে মিষ্টি পদে রাখতে পারেন ‘আলাকান্দ’। বাজারে মিষ্টির দোকান থেকে এই মিষ্টির স্বাদ অনেকেই নিয়েছেন। এবার বাসায় বানিয়ে দেখুন, মিষ্টির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। অল্প সময়ে এবং অল্প উপাদান কীভাবে ‘আলাকান্দ মিষ্টি’ বানাবেন তা জানাব এই আয়োজনে।
যা যা লাগবে
- এলাচগুঁড়া – ১ চা-চামচ
- পেস্তা – ১ চা-চামচ
- কাজু – ১ চা-চামচ
- ঘি- পরিমাণমতো
- পনির – ২৫০ গ্রাম
- খোয়া – ২৫০ গ্রাম
- ক্রিম – ১/২ কাপ
- দুধ- ১/২ কাপ
- চিনি- দেড় কাপ
যেভাবে বানাবেন
প্রথমে একটি পাত্রে পরিমাণমতো খোয়া ও পনির নিন। এবারে দুটি উপাদান একসঙ্গে ভালো করে মেশান। খোয়া-পনিরের মিশ্রণের সঙ্গে দুধ ও ক্রিম দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
অন্যদিকে চুলায় একটি বড় প্যানে ঘি দিয়ে গরম করুন। এবার এতে মিশ্রণটি দিয়ে দিন। ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। সবগুলো উপাদান ভালোভাবে মিশে গেলে চিনি দিয়ে দিন। অল্প সময়ের মধ্যেই দুধের সঙ্গে অন্য সব উপাদান মিশে শুকিয়ে যাবে। এবার এলাচগুঁড়ো দিয়ে দিন। চুলার আঁচ বন্ধ করে, ঢাকনা দিয়ে ঢেকে দিন।
মিনিট পাঁচেক পর ঢকনা তুলে ফেলুন। এলাচের গন্ধটা এর মধ্যে ছড়িয়ে পড়বে। এবার একটু ঠান্ডা হয়ে এলে মিষ্টির চৌকো আকার দিন। আপনি চাইলে বরফি আকারেও মিষ্টি কাটতে পারেন।
সবশেষে কাটা বাদাম ও পেস্তা দিয়ে মিষ্টির ওপরে সাজিয়ে দিন। ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। অবশ্যই পাত্রটি ঢেকে সংরক্ষণ করবেন। বাসায় অতিথি এলে পরিবেশন করুন মজাদার আলাকান্দ মিষ্টি।







































