নতুন চুল গজানোর উপায় রয়েছে তেজপাতায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৬:২২ পিএম
নতুন চুল গজানোর উপায় রয়েছে তেজপাতায়
ছবি: সংগৃহীত

নারীদের চেয়ে পুরুষরা টাক সমস্যায় বেশি ভোগেন। পুরুষরা ত্বক আর স্বাস্থ্য নিয়েও এতোটা চিন্তিত থাকেন না। যতটা চিন্তা থাকে তাদের চুল নিয়ে। টাক মাথায় পুরুষদের অর্ধেক সৌন্দর্যই যেন নষ্ট হয়ে যায়। অনেকে তো পুরো চুল ফেলে একেবারেই টাক হয়ে যান। টাক মাথাতেই নিজেদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। কিন্তু মনে তো কষ্ট আছেই। ইশ, কত সুন্দর হেয়ারস্টাইলই না করা যেত! সারাজীবন এই আফসোস থেকে বাঁচতে এখন থেকেই চুলের যত্ন নিন।

প্রচণ্ড গরম, ধুলো ময়লা, ঘামে চুল পড়ার সমস্যা যেন আরও বেড়ে যাচ্ছে। চুলে জমছে খুশকি। গরমের মৌসুমে এই সমস্যা হওয়াই স্বাভাবিক। তাই টাক হওয়ার আগেই এই সমস্যার সমাধান খুঁজুন। চুল নিয়মিত পরিস্কার আর চুলের যত্নে ঘরোয়া উপাদান ব্যবহারই হতে পারে এর সমাধান। এক্ষেত্রে তেজপাতা হতে পারে অন্যতম উপায়।

যেকোনো রান্নার স্বাদ বাড়াতে তেজপাতার জুড়ি নেই। এখন চুলের যত্নেও এর ব্যবহার বেড়েছে। চুলের যত্নে তেজপাতা যেভাবে ব্যবহার করা যায় চলুন তা জেনে আসি_

·        প্রথমে চুলায় একটি পাত্রে পানি নিয়ে কয়েকটি তেজপাতা ও লবঙ্গ ফুটিয়ে নিন। এই পানি ঠান্ডা করে ছেঁকে নিন। এবার স্প্রে বোতলে ভরে গোসলের পর চুলে স্প্রে করুন। চুলের গোড়া মজবুত হবে।

·        তেজপাতা শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিন। এবার এই গুড়ো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এরপর ফ্রিজে রাখুন। গোসলের আগে প্যাকটি মাথার গোড়ায় লাগিয়ে দিন। ১০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। যাদের চুল রুক্ষ হয়ে গেছে এটি তাদের জন্য বেশ উপকারী হবে। চুলের চাকচিক্য ফিরে আসবে।

·        তেজপাতার আরও একটি প্যাক চুলের জন্য় উপকারী হবে। দুই টেবিল চামচ মেথি গুঁড়ো, দুই টেবিল চামচ তেজপাতার গুঁড়ো এবং অ্যালো ভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। গোসলের আগে প্যাকটি মাথার তালুতে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ভালো করে শ্যাম্পু করুন। চুলের খুশকি দূর হয়ে যাবে। চুল পড়াও বন্ধ হবে।

·        আরও সহজ উপায় রয়েছে। যারা নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন তারা একটি ছোট বাটিতে নারকেল তেল ও তেজপাতা একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিন। এরপর এটি ঠান্ডা করে বোতলে রেখে দিন। নিয়মিত চুলে লাগান। নতুন চুল গজাবে। আর টাকও পরবে না।

Link copied!