ত্বকের যত্নে অলিভ অয়েলের ব্যবহার তো সবারই জানা। কিন্তু নারকেল তেলও ত্বকের যত্ন নিতে কম যায় না। নারকেল তেল দিয়ে চুলের যত্ন করা হয়। সেই সঙ্গে ত্বকেও নারকেল তেল লাগিয়ে নিন। নিমিষেই ত্বকের উজ্জ্বলতা ধরা দেবে। ত্বক হবে মসৃন।
শীতের মৌসুমে ত্বকে ক্রিম লাগানো হয়। বাজারের পাওয়া ক্রিম ব্যবহার না করে নারকেল তেল দিয়ে ঘরেই বানিয়ে নিন। নারকেল তেলে প্রয়োজনীয় সব উপাদান রয়েছে যা ত্বকের পুষ্টি জোগায়। দিনের আলো তে নয়, বরং রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম হিসাবে নারকেল তেল লাগানো যাবে। তাছাড়া নারকেল তেল দিয়ে নাইট ক্রিম বানিয়ে নেওয়া যাবে সহজেই।
কয়েকটি উপায়েই নারকেল তেল দিয়ে ক্রিম বানানো যাবে। এই ক্রিম প্রতি রাতে লাগিয়ে নিন কিংবা দিনে গোসলের আগেও লাগিয়ে নিতে পারেন। ত্বক পরিষ্কার ও ঝকঝকে হবে।
কীভাবে নারকেল তেল দিয়ে নাইট ক্রিম বানানো যাবে চলুন দেখে নেই এই আয়োজনে_
- নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। বাজারে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আবার অ্যালোভেরা পাতা থেকে জেল বের করেও নিতে পারেন। দুইটি উপাদানই ভালোভাবে মিশিয়ে একটি কৌটায় ভরে নিন। প্রতিদিন রাতে শোয়ার আগে সারা মুখে, গলায়, পিঠে এই ক্রিমটি ম্যাসাজ করুন। ত্বক মসৃন হবে।
- এছাড়াও নারকেল তেলের সঙ্গে পরিমাণমতো ফ্ল্যাক্স সিড জেল অথবা তিসির বীজ জেল মিশিয়েও নাইট ক্রিম বানাতে পারেন। এটিও মুখে, ঘাড়ে, পিঠে, হাতে লাগানো যাবে। যা আপনার ত্বককে অকালবার্ধক্য থেকে মুক্তি দিবে।
- নারকেল তেলের সঙ্গে দুধের সর মিশিয়ে নিলেও ভালো ফল পাবেন। এটিও নাইট ক্রিম হিসাবে ব্যবহার করা যাবে। এই ক্রিমটি ফ্রিজে রেখে দিতে হবে। প্রতি রাতে মুখে, ঘাড়ে ভালো করে ম্যাসাজ নিতে পারেন।
- নারকেল তেলের সঙ্গে পরিমাণমতো পাতিলেবুর রস মিশিয়ে নিলেও ভালো কাজ দেবে। দুটো উপাদানই ত্বকের সৌন্দর্য ধরে রাখে। এটি ফ্রিজে রাখা যাবে না। কাঁচের কৌটায় রেখে দিন।







































