ভারতের আসামে উড়োজাহাজ বিধ্স্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৪:২৪ পিএম
ভারতের আসামে উড়োজাহাজ বিধ্স্ত

 
ভারতের আসাম রাজ্যের যোরহাটে শনিবার (১৩ জুন) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ (AN-32) পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। ভারতীয় বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, অবতরণের সময় বিমানটি এয়ার ফোর্স স্টেশনের ভেতরেই ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বার্তায় বলেন, ‘যোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।’

বিধ্বস্ত হওয়া এএন-৩২ বিমানটি একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘ দিন ধরে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। এটি একসঙ্গে প্রায় ৭ দশমিক ৫ টন মালামাল অথবা ৫০ জন যাত্রী বহনে সক্ষম। দুর্গম ও পাহাড়ি এলাকায় রসদ সরবরাহে এই বিমান নিয়মিত ব্যবহৃত হয়।

উল্লেখ্য, এর আগে গত ৫ মার্চ আসামের কারবি আংলং জেলায় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন। সেই ঘটনার স্মৃতি কাটতে না কাটতেই যোরহাটে আবারও এই বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটল।

Link copied!