হৃদরোগে মারা গেল ২১ কোটি রুপির সুলতান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০২:৪৫ পিএম
হৃদরোগে মারা গেল ২১ কোটি রুপির সুলতান

ভারতের হরিয়ানা রাজ্যের বুড়াখেড়া গ্রামের বাসিন্দা সুলতান ঝোটে। ৬ ফুট দৈর্ঘ্য, দেড় টন ওজনের আর দামের কারণে সুলতান নামের এই মহিষ সংবাদের শিরোনাম হয়েছে বহুবার।

তবে এবার শেষবারের মত শিরোনাম হল তার মৃত্যুর সংবাদ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, হরিয়ানা কিংবা পঞ্জাব ছাড়াও বিভিন্ন অঞ্চলে পশুমেলায় নিজের রূপ ও গুণের জন্য পুরস্কার জিতত সুলতান। ২০১৩ সালেও সর্বভারতীয় পশু সৌন্দর্য প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিল সে।

দিনে ১০ কেজি দুধ, ২০ কেজি গাজর, ১০ কেজি সবজি ও ১২ কিলো পাতা খেত মহিষটি। আর সন্ধ্যা হলে চলত মদ্যপান। হয়তো সেকারণেই হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলতানের।

মূলত বীর্যের কারণেই সুলতানের চাহিদা ছিল বেশি। মালিক নরেশ বেনিওয়ালের দাবি, সুলতানের বীর্য বিক্রি করেই প্রতি বছর কয়েক লাখ টাকা আয় করতেন তিনি। 

বছরে ৩০ হাজার ডোজ বীর্য বিক্রি হত সুলতানের। প্রতি ডোজের দাম ৩০৬ রুপি। রাজস্থানের পশুমেলায় সুলতানের দাম উঠেছিল ২১ কোটি রুপি।

তবে মালিক নরেশ জানান, সুলতান তার সন্তানের মতো। তাই বিপুল দাম পেয়েও বিক্রি করেননি তাকে। সুলতানের মৃত্যুতে শোকাহত হয়েছেন তার অনেক ভক্ত।

Link copied!