পাকিস্তানের করাচিতে বিবাহবিচ্ছেদের পরে পুনরায় বিয়ে করতে অস্বীকার করায় সাবেক স্বামীকে অ্যাসিড নিক্ষেপের অপরাধে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৭ মার্চ ) দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে একটি বিশেষ আদালতে সোমবার (৬ মার্চ) এ রায় ঘোষণা করা হয়। এ ছাড়া আদালত তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাবিহা খাট্টক উভয় পক্ষের সাক্ষ্য-প্রমাণ ও চূড়ান্ত যুক্তিতর্ক রেকর্ড শেষে রায় ঘোষণা করেন। ২০২১ সালের ২০ আগস্ট নিউ টাউন থানার পুলিশ শাবানা কাউসার নামে ওই নারীর বিরুদ্ধে মামলা করে।
রায় ঘোষণা সময় বিচারক উল্লেখ করেন, অভিযুক্ত শাবানা কাউসারের বিরুদ্ধে প্রসিকিউশন সফলভাবে তার মামলা প্রমাণ করেছে। পাকিস্তান পেনাল কোডের (পিপিসি) ৩৩৭ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করায় ১৪ বছরের কারাদণ্ড এবং ৩৩৬ ধারার অধীনে ক্ষতিকর পদার্থ দ্বারা আহত করার অপরাধে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিনা নাজ আদালতে জানিয়েছেন, ২০২১ সালের ২০ আগস্ট ভুক্তভোগী মুহাম্মদ ওসমান করাচির সিভিল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
২০১৯ সালের ১২ ডিসেম্বর অভিযুক্তের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু একই দিনে তার বোন ইয়াসমিন এবং ভাই হামিদ জানান যে শাবানা কাউসার ইতোমধ্যে দুটি বিয়ে করেছেন। এরপর ২০২০ সালের ২২ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পরে অভিযুক্ত আবার তার সঙ্গে যোগাযোগ করে পুনরায় বিয়ের দাবি জানায়। বিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দেয়।






























