মালয়েশিয়ার ক্যাম্পিং এলাকায় ভূমিধসে নিহত বেড়ে ২১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:১৩ পিএম
মালয়েশিয়ার ক্যাম্পিং এলাকায় ভূমিধসে নিহত বেড়ে ২১

মালয়েশিয়ার এক ক্যাম্পিং এলাকায় ভূমিধসের আঘাতে মারা গেছেন অন্তত ২১ জন ক্যাম্পার। নিখোঁজ আছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

ভূমিধসের সময় সেখানে ঘুমাচ্ছিলেন অন্তত ৩০ শিশু ও ৫১ জন ব্যক্তি। সেখানে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষক ও তাদের পরিবার। এর আগে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

বিবিসি জানায়, দেশটির সিলানগর রাজ্যের পাহাড়ি এলাকায় ভোররাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাটির নিচে চাপা পড়াদের উদ্ধার করতে নিয়োজিত আছেন উদ্ধারকর্মীরা। রাস্তার পাশের ওই এলাকায় সে সময় প্রায় ৯০ জন ক্যাম্পিংয়ে ছিলেন।

মালয়েশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৫৩ জনকে উদ্ধার করতে পেরেছেন। তবে নিখোঁজ আছেন আরও ডজনখানেক ক্যাম্পার।

দেশটির পরিবেশমন্ত্রী নাজমি বিন নিক আহমদ এ ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইটারে বলেন, “আমি দোয়া করছি যেন নিখোঁজদের দ্রুত নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।” তিনি জানান, উদ্ধারকর্মীরা ভোরবেলা থেকেই সেখানে কাজ করে যাচ্ছেন। ক্যাম্পটি অবৈধভাবে চলছিল বলে জানান তারা।

ভূমিধসটি ক্যাম্প এলাকার প্রায় ১০০ ফুট উঁচুতে শুরু হয়ে আশপাশের প্রায় এক একর পরিমাণ জায়গা বিনষ্ট করেছে। তবে কেন এই ভূমিধসটি হলো, তার কারণ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাত বা কোনো ভূমিকম্পও হয়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!