শ্বশুরের ১০৭ কোটি টাকা আত্মসাৎ করলেন জামাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৫:৪৯ পিএম
শ্বশুরের ১০৭ কোটি টাকা আত্মসাৎ করলেন জামাই

দুবাইপ্রবাসী ভারতীয় ব্যবসায়ী আব্দুল লাহির হাসানের প্রায় ১০৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছে তার মেয়ের স্বামী। সম্প্রতি এ ঘটনাকে ডাকাতি হিসেবে উল্লেখ করে মামলা করেছেন তিনি।

এনডিটিভি জানায়, কেরালার মোহাম্মদ হাফিজের সঙ্গে আব্দুল লাহিরের মেয়ের বিয়ে হয় ২০১৭ সালে। এর পর থেকেই নানা বাহানায় শ্বশুরের ১০৭ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। পাশাপাশি নিয়েছেন তার স্ত্রীর এক হাজার সোনার কয়েন। আব্দুল লাহির তার মেয়েকে বিয়ের সময় উপহার হিসেবে দেন সেগুলো।

এ ছাড়া কৌশলে আব্দুল লাহিরের বিভিন্ন সম্পত্তি নিজের নামে করে নিয়েছে হাফিজ। বিষয়গুলো ঘটছে বুঝতে পেরে তিন মাস আগে পুলিশের কাছে অভিযোগ করেন আব্দুল। এর পর থেকেই পলাতক আছেন হাফিজ। ঘটনা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কেরালা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে মামলা হস্তান্তর করা হয়।

আব্দুল লাহির হাসান অভিযোগ করেন, দেড় কোটি টাকার একটি গাড়িসহ হাফিজ লাপাত্তা। কিছুদিন আগে জরিমানা পরিশোধের জন্য ৪ কোটি টাকা নেন তিনি। এর আগে জমি কেনার ও ব্যবসা দাঁড় করানোর কথা বলে ৯২ কোটি টাকা নেন হাফিজ।

পুলিশ জানায়, হাফিজ একা এই কাজ করেননি। তার একজন সঙ্গীও আছে এই ঘটনায়। দুজনের নামেই মামলা হয়েছে। 

Link copied!