ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহার। এই রাজ্যের সংসদ সদস্য অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দেন প্রায় ৪ লাখ অতিথি। বিপুল এই জনসমাগমে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জমকালো আয়োজন একনজর দেখতে দর্শকদের কেউ কেউ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন।
পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে নিজের মেয়ের বিয়েতে গ্রামবাসী, রাজনৈতিক মিত্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানান ছয়বারের সংসদ সদস্য অনন্ত সিং। তার বিরুদ্ধে হত্যা-অভিযোগসহ কয়েক ডজন ফৌজদারি মামলা রয়েছে। তবে এসব অভিযোগে কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন তিনি।
ভারতে প্রায়ই কয়েক দিনব্যাপী জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন হয়ে থাকে। তবে সেই মানদণ্ডেও এ আয়োজনের ব্যাপ্তি ছিল বিস্ময়কর।
সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং এএফপিকে জানান, অতিথিদের জন্য রাখা হয়েছিল ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। ৫০০ জন রাঁধুনি ও বাবুর্চির বিশাল দল তৈরি করেছিল নিরামিষ ভোজ।
সিংয়ের নিজ গ্রাম নাদাওয়ানে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে এত মানুষের সমাগম হয় যে অনুষ্ঠানস্থলের দিকে যাওয়া সড়কগুলোয় যান চলাচল পুরোপুরি থমকে যায়।
আরও পড়ুন
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যানজটের কারণে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে না পেরে এক রাজনীতিক গাড়ি ফেলে ক্ষেতের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে সেখানে যান।
ভিআইপি অতিথিদের আনা-নেওয়ার জন্য আয়োজকরা পাঁচটি হেলিপ্যাড তৈরি করেন। প্রতিবার হেলিকপ্টার অবতরণের সময় ধুলার মেঘ উড়ে কৌতূহলী দর্শকদের ওপর ছড়িয়ে পড়ে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রকাশিত ছবিতে দেখা যায়, বিশাল অনুষ্ঠানস্থল একনজর দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। অন্যদের কেউ কেউ গাছ ও বিদ্যুতের টাওয়ারের ওপর বিপজ্জনকভাবে বসে আছেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ঘোড়দৌড়ের আয়োজন করা হয়েছিল। তবে প্রায় ১ লাখ মানুষ তা দেখতে হাজির হওয়ায় আয়োজকেরা দৌড়টি পিছিয়ে দিতে বাধ্য হন। এতে অংশ নেওয়ার কথা ছিল ২০০টি ঘোড়ার।
অতিথিদের জন্য ছিল চীনা ফুল দিয়ে সাজানো জমকালো ফুলের আয়োজন এবং আতশবাজির প্রদর্শনী।
কনে শিবাঙ্গী সিং বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসেন। আর বর ঋষিকেশ কুমার আসেন প্রায় ২০০ গাড়ির বহর নিয়ে।
কেপিএমজির হিসাব অনুযায়ী, ভারতে প্রতি বছর ১ কোটিরও বেশি বিয়ে হয়। এসব বিয়েকে ঘিরে গড়ে ওঠা শিল্পের আনুমানিক মূল্য ৪ হাজার থেকে ৫ হাজার কোটি ডলার।
সূত্র: এএফপি



















