ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:২৫ পিএম
ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৫

মুর্শিদাবাদে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্কুলভ্যানের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এর আগে তিনজন শিক্ষার্থী নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল।


মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরে মৃত্যু হয়েছে আরো দুই শিক্ষার্থীর। তাদের নাম, ইসানূর রহমান (৫) ও তামান্না পারভিন (৭)। এ ঘটনায় আরো পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।


আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়। এ সময় স্কুল ভ্যানটি লাইন পার হতে গেলে নিমতিতা-কাটোয়াগামী আরেকটি যাত্রীবাহী ট্রেন এসে ভ্যানটিকে ধাক্কা দেয়।


দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভ্যানটির দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ রেললাইনের ওপর ছড়িয়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনার পর কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষ ঘটনায় দায়িত্বে থাকা গেটম্যান ও একজন সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে।

এক রেল কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে স্কুলশিক্ষার্থী বহনকারী একটি ভ্যান রেললাইন পার হওয়ার সময় একটি লোকাল ট্রেন সেটিকে ধাক্কা দেয়।


ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গেটম্যানের অবহেলার অভিযোগসহ দুর্ঘটনার কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য গেটম্যানের অবহেলাকেই দায়ী করেছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!