ভারতের উত্তরাখণ্ডে হিন্দু উগ্রবাদীদের হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। আল-জাজিরা জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনার কারণেই এই হামলার শিকার হন তিনি।
ভারতের রাজনীতি নিয়ে গত মাসে একটি বই প্রকাশ করেন সালমান। এতে মোদির শাসনামলে ভারতে হিন্দু জাতীয়তাবাদ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও হিন্দু উগ্রবাদীদের ‘চরমপন্থী’ আখ্যা দিয়ে উগ্র মুসলিম সন্ত্রাসীগোষ্ঠী আইএসের সঙ্গে তুলনা করেন তিনি।
পুলিশ জানিয়েছে, সোমবার ভারতের প্রধান বিরোধী কংগ্রেস দলের মুসলিম নেতা সালমান খুরশিদের বাড়িতে কট্টরপন্থী হিন্দুরা হামলা করে। উত্তরাঞ্চলীয় শহর নৈনিতালের কাছে অবস্থিত বাড়িটিতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে তারা।
এনডিটিভি জানায়, এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এদের মধ্যে রাকেশ কপিল নামের স্থানীয় হিন্দু অধিকারকর্মী ও তাঁর সহযোগীরা রয়েছেন।
গত সপ্তাহে সালমান খুরশিদের নতুন বই ‘সানরাইজ ওভার অযোধ্যা: নেশন হুড ইন আওয়ার টাইম’ প্রকাশিত হয়। এর পরপরই সালমানের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাত হানা ও সাম্প্রদায়িকতার রাজনীতির অভিযোগ করে ক্ষমতাসীন দল বিজেপি।


































