প্রধানমন্ত্রী বেছে নিতে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টির নির্বাচনে জয় লাভ করেছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
বিবিসি জানায়, সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা এবং বাংলাদেশ সময় বেলা সাড়ে ৫ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দুই প্রার্থীর মধ্যে লিজ ট্রাস পেয়েছেন ৮১৩২৬ ভোট এবং ঋষি সুনাক পেয়েছেন ৬০৩৯৯ ভোট। ২০৯২৭ ভোটে জিতেছেন লিজ ট্রাস। মোট ভোট পড়েছে ১৭২৪৩৭টি।
নির্বাচনের আগে করা জনমত জরিপগুলোতে এগিয়ে ছিলেন লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টির দুই লাখ ভোটারের মধ্যে অধিকাংশই ট্রাসের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের অভিষেক হবে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার। ব্রিটেনের রানির উপস্থিতিতে সম্পন্ন হবে অভিষেক অনুষ্ঠান।
সেদিনই রানির কাছে পদত্যাগপত্র জমা দেবেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন। এসব কার্যক্রম সম্পন্ন হবে স্কটল্যান্ডের বালমোরালে।
পার্টিগেট কেলেঙ্কারির কারণে গত জুলাই মাসে দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর দুমাস যাবত চলছে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার প্রতিযোগিতা। নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে যার অবসান ঘটল।




























