মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা নিয়ে যা বলছেন দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:২৪ পিএম
মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা নিয়ে যা বলছেন দর্শক

প্রায় সাত মাসের দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল তামিল সুপারস্টার বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’। তামিলনাড়ুর রাজনীতিতে পুরোদস্তুর আত্মপ্রকাশের আগে অভিনয়জীবনের শেষ চলচ্চিত্র হওয়ায় এটিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছিল উন্মাদনা।


বিশ্বজুড়ে ২৩ জুলাই মুক্তির পর প্রথম দিনেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তুমুল প্রতিক্রিয়া। বিজয়ের রাজকীয় উপস্থিতি ও অনিরুদ্ধের সংগীত প্রশংসা কুড়ালেও, চিত্রনাট্যের দুর্বলতা ও দীর্ঘ সময়সীমা নিয়ে তৈরি হয়েছে দর্শকদের মতভেদ।
নন্দমুরি বালাকৃষ্ণের তেলুগু হিট ‘ভগবন্ত কেসারি’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। গল্প পুরনো ধাঁচের হলেও প্রথমার্ধে বিজয়ের চেনা ‘ম্যাস’ অবতার ও টাইটেল এন্ট্রি ভক্তদের আশাহত করেনি।


বিশেষ করে অনিরুদ্ধ রবিচন্দরের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মামিথা বাইজুর সঙ্গে বিজয়ের আবেগঘন রসায়ন সিনেমাটিকে বেশ গতি দিয়েছে।
তবে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ সময়সীমা নিয়ে আপত্তি তুলেছেন অনেক সাধারণ দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক দর্শক লিখেছেন, প্রথমার্ধ জমজমাট হলেও দ্বিতীয়ার্থে এসে ছবির গতি কিছুটা কমে যায়। ববি দেওলের মতো শক্ত খলনায়ক চরিত্রকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি।


অপর এক দর্শক ৫-এর মধ্যে ৩.২৫ রেটিং দিয়ে জানান, ছবিটি বিনোদনমূলক, তবে সম্পাদনা আরেকটু শক্ত হলে ভালো হতো। তা সত্ত্বেও বড় পর্দায় বিজয়ের বিদায়ী উদযাপন দেখতে যাওয়া যায়।

 
সিনেমাটির অন্যতম উল্লেখযোগ্য অংশ এর প্রায় ৪৫ মিনিটের দীর্ঘ ফ্ল্যাশব্যাক অধ্যায়, যেখানে সরাসরি রাজনৈতিক বার্তার ছাপ স্পষ্ট। সিনেমাবোদ্ধাদের মতে, এই অংশটির মাধ্যমে বিজয় মূলত বাস্তব রাজনীতির ময়দানে তার নতুন পথচলারই ইঙ্গিত দিয়েছেন।

পূজা হেগড়ে, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেননের মতো শক্তিশালী তারকা বহর নিয়ে তৈরি ‘জন নায়গন’ বিজয়ের বর্ণাঢ্য রূপালী পর্দার ইতি টানার পাশাপাশি সূচনা করলো তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়।


এখন থেকে ভক্তরা তাদের প্রিয় ‘থালাপতি’কে আর ক্যানভাস বা রুপালি পর্দায় নয়, দেখতে পাবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্বে।

Link copied!