বুনুর সঙ্গে সম্পর্ক কেবলই বন্ধুত্বের : নোরা ফাতেহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১১:৩৮ পিএম
বুনুর সঙ্গে সম্পর্ক কেবলই বন্ধুত্বের : নোরা ফাতেহি

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে মিউজিক ভিডিও দিয়ে বিশ্বব্যাপী নতুন করে আলোচনায় আসেন বলিউডের জনপ্রিয় মুখ নোরা ফাতেহি। মরক্কোর বংশদ্ভূত এই তারকাকে নিয়ে গুঞ্জন ছিল নিজ দেশেরই জাতীয় দলের গোলকিপার ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমে মজেছেন তিনি। দুজনার সম্পর্ক নিয়ে সোশ্যালে বেশ আলোচনা ছিল ভক্ত ও অনুসারীদের মাঝে। তবে বিষয়টি নিজেই খোলাসা করেছেন নোরা।

দীর্ঘদিন ধরে চলা জল্পনার বিষয়ে নোরা স্পষ্ট জানিয়েছেন, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরাকে ইয়াসিন বুনুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেছেন, ‘আমরা শুধু ভালো বন্ধু।’

নোরা জানান, বুনুর সঙ্গে তার পরিচয় রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আছে। তবে তাদের নিয়ে ছড়িয়ে পড়া প্রেমের খবরের কোনো ভিত্তি নেই। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকলেও সব গুঞ্জন যে সত্যি নয়, সেটিও মনে করিয়ে দেন এই তারকা।

গত কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়ায়। অনেক ভক্তই ধারণা করেছিলেন, দুজন হয়তো সম্পর্কে রয়েছেন। তবে নোরার সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনায় অনেকটাই ইতি পড়েছে।

কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি বলিউডে নাচ ও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘দিলবার’, ‘ও সাকি সাকি’ ও ‘মানিকে’সহ একাধিক গানে তার পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে ইয়াসিন বুনু বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত গোলরক্ষকদের একজন। ২০২২ ফুটবল বিশ্বকাপে মরক্কোকে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান।

সম্প্রতি নোরার এই বক্তব্যের পর সোশ্যালেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অভিনেত্রীর ভাষ্য, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।
 

Link copied!