৭ দিনেই বিশ্ব জুড়ে রেকর্ডের চূড়ায় নতুন ‘স্পাইডার-ম্যান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ১১:৫৪ পিএম
৭ দিনেই বিশ্ব জুড়ে রেকর্ডের চূড়ায় নতুন ‘স্পাইডার-ম্যান’

প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় পুরো বিশ্ব জুড়ে ইতিহাস সৃষ্টি করল সোনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের নতুন ব্লকবাস্টার ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত এই সুপারহিরো সিনেমাটি মাত্র ৭ দিনেই আয়ের সব রেকর্ড ভেঙে ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মুকুট ছিনিয়ে নিয়েছে।

গত জুন থেকে বক্স অফিসে রাজত্ব করা ডিজনির ‘টয় স্টোরি ৫’-কে টেক্কা দিয়ে এখন বিশ্ব জুড়ে শীর্ষস্থানে অবস্থান করছে মার্ভেলের এই নতুন কিস্তি।

বিশ্ব জুড়ে মুক্তির মাত্র ৭ দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ১.১৫৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার কোটি টাকা! এর মধ্যে শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই এসেছে ৪৪৯ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত হয়েছে ৭০৬.৩ মিলিয়ন ডলার। এর ফলে জুন থেকে থিয়েটারে থাকা ‘টয় স্টোরি ৫’-এর ১.০৬৭ বিলিয়ন ডলারের রেকর্ড পেছনে পড়ে গেছে।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি মুক্তির শুরু থেকেই বক্স অফিসে আয়ের একের পর এক নতুন ইতিহাস গড়ে চলেছে। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রে ৩৬০ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ৯৩২ মিলিয়ন ডলার আয় করে সর্বকালের দ্বিতীয় বৃহত্তম গ্লোবাল ওপেনিংয়ের রেকর্ড গড়ে।

পরে মার্কিন বক্স অফিসে সোমবার ৪৭ মিলিয়ন ডলার আয় করে ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং মঙ্গলবার ৪২ মিলিয়ন ডলার আয় করে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর রেকর্ড ভেঙে মার্কিন ইতিহাসের সেরা সোমবার ও মঙ্গলবারের আয়ের নতুন নজির স্থাপন করে।

এ ছাড়া উত্তর আমেরিকার বাজারে মাত্র ৪ দিনে ৪০০ মিলিয়ন ডলার ছোঁয়ার পাশাপাশি বিশ্ব জুড়ে মাত্র ৬ দিনে ১ বিলিয়ন ডলার আয় করে এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ১ বিলিয়ন ডলার অর্জনকারী চলচ্চিত্র হিসেবে নিজের নাম লেখায়।

ডেস্টিন ড্যানিয়েল ক্র্যাটন পরিচালিত এই সিনেমায় যথারীতি পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড, এমজে চরিত্রে জেন্ডায়া এবং নেড চরিত্রে অভিনয় করেছেন জেকব ব্যাটালন।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে টম হল্যান্ডের একক স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির এটি চতুর্থ কিস্তি। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মার্ক রুফালো, জন বার্নথাল, স্যাডি সিঙ্ক এবং ট্রামেল টিলম্যানের মতো তারকাদের।

হলিউড ট্রেড অ্যানালিস্টদের মতে, সিনেমাটির এমন অবিশ্বাস্য গতি বজায় থাকলে খুব শিগগিরই এটি আয়ের নতুন কোনো মহাকাব্য রচনা করতে যাচ্ছে!

Link copied!