অভিনেত্রী জয়া আহসান অন্যরকম এক সেঞ্চুরির স্বাদ পেলেন! তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ করেছে। সিনেমাটির আরেক অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, পরিচালক কৌশিক গাঙ্গুলী ও প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে এই সাফল্য উদযাপন করেছেন তিনি।
গতকাল সোমবার দুপুরে কলকাতায় ‘হান্ড্রেড ডেজ সেলিব্রেশন’ লেখা একটি কেক একসঙ্গে কেটেছেন জয়া ও চূর্ণী। এরপর কৌশিক ও চূর্ণী দম্পতিকে কেক খাইয়ে দেন জয়া। অনুষ্ঠানটি তার ফেসবুক পেজে লাইভ দেখা গেছে।
জয়া আগামীর সময়কে বলেছেন, “১০০ দিনের মাইলফলক পেরিয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিকদার সঙ্গে আমার করা সব কাজই ১০০ দিন কিংবা ১৫০ দিনের বেশি সময় ধরে চলেছে। এটি সত্যিই খুব ভালো লাগার। এখনো কলকাতার প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে, দর্শক দেখছেন— এটা আনন্দের। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, এটি কোথায় ও কবে দেখা যাবে। বাংলাদেশের দর্শক চাইলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’ দেখতে পারবেন। আমার মনে হয়, পরিণত রুচির দর্শকের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা।”
পশ্চিমবঙ্গে গত ১০ জুলাই মুক্তি পায় ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি ২০২৩ সালের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল। ‘অর্ধাঙ্গিনী’ দারুণ সাড়া পেয়েছিল। দর্শকের ভালোবাসা এবং প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের আগ্রহের জন্যই তৈরি হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। এতে মেঘনা চরিত্রে আবারও ফিরেছেন জয়া। সুমনের ভূমিকায় কৌশিক সেন এবং শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী।
‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির সময় নারীদের ‘অর্ধাঙ্গিনী’ ধারণা প্রসঙ্গে কথা বলেছেন জয়া আহসান। তার দৃষ্টিতে, ‘অর্ধাঙ্গিনী’ শব্দটি সিনেমার নামকরণে খুব সচেতনভাবেই ব্যবহার করা হয়েছে। তিনি বললেন, “আমরা নারীবাদী দৃষ্টিকোণ থেকে অনেক সময় ভাবি, কেন একজন নারীকে ‘বেটার হাফ’ বা ‘অন্য অর্ধেক’ বলা হবে? একজন নারীর পূর্ণ পরিচয় তো তার ব্যক্তিত্বে। তিনি প্রথমত একজন মানুষ, তারপর নারী। আমার কাছে এ ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিনেমাটিও সে বিষয়কেই গভীরভাবে তুলে ধরে।”
যার পরিচালনায় সাফল্য
২০১৭ সালে ‘বিসর্জন’ সিনেমার মাধ্যমে কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় প্রথমবার কাজ করেন জয়া। এর সুবাদে ফিল্মফেয়ার পুরস্কার বাংলায় সেরা অভিনেত্রী হন তিনি। এরপর ‘বিজয়া’ (২০১৯) চলচ্চিত্রের জন্য আবার জোট বাঁধেন তারা। দুটিতেই পদ্মা চরিত্রে দেখা গেছে তাকে। ‘বিজয়া’ এবং অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমা দুটিতে নৈপুণ্যের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেত্রী (সমালোচক) স্বীকৃতি পান তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সপ্তম আসরে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন এই তারকা। ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর (২০২২) আরেকটি ফিল্মফেয়ার জিতেছেন তিনি। অর্থাৎ কৌশিক গাঙ্গুলী সিনেমার সুবাদেই বেশিরভাগ ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি হাতে এসেছে তার।
জয়া বললেন, ‘মানুষের সম্পর্ক, আবেগ এবং জীবনের সূক্ষ্ম বিষয়গুলো কৌশিক গাঙ্গুলী যেভাবে বোঝেন, তা সত্যিই অসাধারণ। আমার মনে হয়, সম্পর্কের গল্প তিনি যেভাবে বলতে পারেন, খুব কম নির্মাতাই সেভাবে পারেন। আর একজন অভিনেতা বা অভিনেত্রী যদি এমন শক্তিশালী সংলাপ ও ভালো লেখা হাতে পান, তাহলে অভিনয়ও অনেক স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়।’
চলতি বছর পশ্চিমবঙ্গে আরও মুক্তি পেয়েছে জয়া আহসানের ‘ওসিডি’। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। তার পরবর্তী সিনেমা ‘কালান্তর’-এ থাকছেন জয়া। দুই বছর আগে ‘ভূতপরী’তে একসঙ্গে কাজ করেন তারা। তবে ঢালিউডে চলতি বছর এখনো জয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি।




















