রুমানার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। এরপর ছোট পর্দার অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ২০১০ সাল থেকে টানা চার বছর অভিনয় করেন চলচ্চিত্রে। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন রুমানা। এর মধ্যে মুক্তি পেয়েছে ২৬টি চলচ্চিত্র। শেষ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর (শুক্রবার)। ‘এ দেশ তোমার আমার’ শিরোনামের এই ছবিতে তার সঙ্গে জুটি জায়েদ খান।
রুমানা গণমাধ্যমকে বলেন, “এটি একটি দেশপ্রেমের ছবি। আমার সহশিল্পী হিসেবে রয়েছেন জায়েদ খান। কাজটি করার সময় হৃদয় থেকে একটা টান অনুভব করেছি। গুণী শিল্পীরা এই সিনেমায় অভিনয় করেছেন।”
দর্শকদের সিনেমা হলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন পর দর্শকরা সুন্দর গল্পের একটি চলচ্চিত্র পাচ্ছেন। সবাইকে সিনেমা হলে এসে ছবিটি দেখার আহ্বান জানাই।”
এফ আই মানিকের পরিচালনায় সিনেমাটিতে জায়েদ-রুমানা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল, প্রয়াত দিতি, মিজু আহমেদসহ অনেকে।
২০১৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ে হয় রোমানার। এটা রুমানার তৃতীয় আর এলিন রহমানের দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালের ৭ ডিসেম্বর তিনি কন্যাসন্তানের মা হন। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান।







































