‘নায়িকা’ মাহির নবম জন্মদিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৪:৩৪ পিএম
‘নায়িকা’ মাহির নবম জন্মদিন

ঢালিউডের প্রথম সারির নায়িকা মাহিয়া মাহি। বিলুপ্তপ্রায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ২০১২ সালে রুপালি জগতে আসেন তিনি। প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’, যেটি মুক্তি পেয়েছিল ৫ অক্টোবর। সে হিসেবে নায়িকা মাহির নবম জন্মদিন আজ।

চলচ্চিত্র ক্যারিয়ারের ৯ বছর পূর্তিতে জাজ মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহি। তিনি বলেন, “৯ বছর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। ওপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।”

মাহি আরও বলেন, “স্রষ্টার পর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জাজ মাল্টিমিডিয়ার প্রতি। এই জাজই আমাকে নায়িকা বানিয়েছে।”

মাহির আসল নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় এসে তিনি মাহিয়া মাহি নাম ধারণ করেন। মাহি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ ইত্যাদি। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘গোলাপতলীর কাজল’, ‘আশীর্বাদ’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুবুজান’।

এদিকে সম্প্রতি মাহিয়া মাহি নতুন সংসার শুরু করেছেন। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করছেন তিনি। কয়েক দিন আগে নতুন স্বামীকে নিয়ে নতুন বাসায় উঠেছেন নায়িকা।

এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার করেছিলেন। ২০১৬ সালে বিয়ে করেছিলেন তারা। চলতি বছরের মে মাসে ডিভোর্সের ঘোষণা দেন নায়িকা।

Link copied!