সোনুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০২:৫৪ পিএম
সোনুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

করোনায় অসহায় মানুষের পাশে ত্রাতার ভূমিকায় অবতীর্ন হয়েছিলেন বলিউড সোনু সুদ। তাকে ‘আইকন’ হিসেবে মান্য করেন অসংখ্য ভারতীয় নাগরিক। তবে এবার সোনু ভক্তদের জন্য দুঃসংবাদ। কর ফাঁকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২০ কোটি রুপি কর ফাঁকি দিয়েছেন তিনি। এমনটাই দাবি করেছে ভারতের আয়কর দপ্তর। গত মঙ্গলবার থেকে সোনুর বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছেন আয়করের কর্তারা। এরপরই এমন তথ্য প্রকাশ্যে এসেছে।

আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়, শুধুমাত্র কর ফাঁকিই নয়, একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের জন্য বিদেশ থেকে দুই কোটি ১০ লাখ কোটি টাকা অনুদান নিয়েছেন তিনি। এর দ্বারা বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন সোনু।

তদন্তে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। ২০ টি এমন লেনদেনের হদিশ পেয়েছে আয়কর দফতরের অফিসাররা, যেখানে ব্যবহার করা হয়েছে মিথ্যা ঠিকানা। এছাড়াও নগদ টাকার বিনিময়ে ইস্যু করা হয়েছে বেশ কয়েকটি চেক। কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই বিভিন্ন পেশাগত পারিশ্রমিককে লোন হিসাবে দেখানো হয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে সোনুর সংস্থা।

Link copied!