উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসব ভ্রমণে ‘রিকশা গার্ল’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৩:৫৯ পিএম
উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসব ভ্রমণে ‘রিকশা গার্ল’

অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ উত্তর আমেরিকার ‘মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে’ অংশগ্রহন করতে যাচ্ছে। এটি এই চলচ্চিত্রের দ্বিতীয় আন্তর্জাতিক সফর। এর আগে গেল জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছিল ছবিটি।

অমিতাভ রেজা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলেন, “মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব মূলত উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের একটি বুটিক চলচ্চিত্র উৎসব। রিকশা গার্ল চলচ্চিত্রটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য মিল ভ্যালি চলচ্চিত্র উৎসব বেশ গুরুত্বপূর্ণ।”

এর কারণ জানিয়ে অমিতাভ বলেন, “ঔপন্যাসিক মিতালি পারকিন্সের লেখা রিকশা গার্ল উপন্যাসটি উত্তর আমেরিকায় বিপুলভাবে সমাদৃত। ফলে এ অঞ্চলের দর্শকগোষ্ঠী উপন্যাসটি থেকে নির্মিত চলচ্চিত্রটি দেখার অপেক্ষায় আছেন বহুদিন ধরেই। এ কারণেই চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত হলেও এর সংলাপ বহুলাংশে ইংরেজি।”

মিল ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টির একটি শহর। এখানেই ৭ অক্টোবর শুরু হবে চলচ্চিত্র উৎসবটি, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

রিকশা গার্ল সিনেমার প্রযোজক এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, শিহাব আহমেদ সিরাজী, আসাদুজ্জামান সকাল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।

নায়িমা নামের এক কিশোরীকে ভাগ্যক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নিতে হয়। সেই গল্প উঠে এসেছে সিনেমায়। নায়িমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

Link copied!