‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পোস্টার উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এই সিনেমার পোস্টার উন্মোচিত হয়।
সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষা, মৎস ও বনজ সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচাতে ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত প্রায় দুই অভিযান চালায় র্যাব। সেই দুঃসাহসিক অভিযানে ৩২টি বাহিনীর ৩২৮ জন জলদস্যু ৪৬২টি অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
র্যাব কর্তৃক সুন্দরবন জলদস্যুমুক্ত হওয়ার প্রেক্ষিতে ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যুমুক্ত হওয়ার ঐতিহাসিক ঘোষণা দেন। বর্তমানে সুন্দরবন দস্যুমুক্ত হওয়ায় এর প্রত্যক্ষ সুফল ভোগ করছেন তৎসংলগ্ন উপকূলবাসী। বিকশিত হচ্ছে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প।
সুন্দরবনে র্যাবের সেই সাফল্যগাথার রোমাঞ্চকর উপাখ্যান জনসাধারণের সামনে তুলে ধরার জন্য ‘র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর প্রযোজনায় ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপনের পরিচালনায় নির্মিত ‘অপারেশন সুন্দরবন’।
এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার , তাসকিন রহমানসহ অনেকে।




































