ডিভোর্সের সেটেলমেন্ট হিসেবে ৪০০ কোটি রুপি নিয়েছিলেন সুজান?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ১২:০৬ পিএম
ডিভোর্সের সেটেলমেন্ট হিসেবে ৪০০ কোটি রুপি নিয়েছিলেন সুজান?

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং সুজান খানের রূপকথার মতো বিয়ে ও পরবর্তীতে ২০১৪ সালের বিবাহবিচ্ছেদ নিয়ে আজও অনুরাগী ও মিডিয়ার কৌতূহলের শেষ নেই।

১২ বছর পেরিয়ে গেলেও এখনো ইন্টারনেটে মুখরোচক খবর ঘোরে যে, ডিভোর্সের সেটেলমেন্ট হিসেবে হৃতিকের কাছ থেকে নাকি ৪০০ কোটি রুপির বিশাল খোরপোশ আদায় করেছিলেন সুজান!

এতদিন এই বিষয়ে সুজান চুপ থাকলেও, এবার খবরের ভেতরের আসল সত্যটি ফাঁস করে নিন্দুকদের কড়া জবাব দিলেন তার বোন ফারাহ খান আলী। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুজান কোনো ‘গোল্ড-ডিগার’ নন এবং হৃতিকের থেকে তিনি একটি টাকাও নেননি!

সম্প্রতি প্রখ্যাত সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারাহ খান আলী অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন, ‘আমি অন-রেকর্ড একটি কথা পরিষ্কার করে দিতে চাই, ৪০০ কোটি রুপির খোরপোশের খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। যখনই অনলাইনে দেখি মানুষ বলে সুজান হৃতিকের টাকা নিয়ে আরও বড়লোক হয়ে গেছে, তখন আমার খুব কষ্ট হয়। এটি একটা জঘন্য মিথ্যা। আমার আদরের বোন হৃতিকের থেকে কোনো টাকা বা সম্পত্তি নেয়নি।’

ফারাহ আরও যোগ করেন, ‘আমরা একটি খানদানী ও সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি। আমাদের মা আমাদের শিখিয়েছেন যে বস্তুগত বা টাকাপয়সার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। সুজান হৃতিকের টাকা নেয়নি বলেই আজ ডিভোর্সের পরও প্রাক্তন স্বামী হৃতিক এবং শ্বশুর রাকেশের পরিবারের সাথে তার সম্পর্ক এতো চমৎকার। তারা আজও সুজানকে খুব ভালোবাসেন।’

২০০০ সালে হৃতিক যখন ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে ক্যারিয়ারের মধ্যগগনে, তখনই তিনি সুজানকে বিয়ে করেন। ফারাহ জানান, হৃতিকের বাবা-মা তখন হৃতিককে ক্যারিয়ারের স্বার্থে একটু অপেক্ষা করতে বললেও, হৃতিক সুজানের প্রেমে এতটাই পাগল ছিলেন যে তখনই বিয়ে করেন।

পরবর্তীতে ২০১৪ সালে যখন তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন, তখন পরিবারে রীতিমতো ঝড় যা ফারাহর ভাষায় ‘হাঙ্গামা’ বয়ে গিয়েছিল। সবাই চরম ধাক্কা খেয়েছিল। তবে হৃতিক ও সুজান দুজনেই অত্যন্ত পরিপক্ব ও মার্জিতভাবে মিডিয়ার কাদা ছোঁড়াছুঁড়ি এড়িয়ে পারস্পরিক সম্মতিতে আলাদা হন।

ফারাহ যখন সুজানকে জিজ্ঞেস করেছিলেন যে সে কেন মিডিয়ার এই মিথ্যা খবরের প্রতিবাদ করছে না, তখন সুজান শান্তভাবে উত্তর দিয়েছিলেন, ‘ফারাহ, মানুষ আমার সম্পর্কে কী ভাবল, তা নিয়ে আমার বিন্দুমাত্র কিছু আসে যায় না।’

ডিভোর্স হলেও সন্তানদের মানুষ করার ক্ষেত্রে হৃতিক ও সুজান দুজনেই সমান দায়িত্ব পালন করছেন। বর্তমানে সুজান অভিনেতা আরসলান গোনির সাথে সম্পর্কে আছেন এবং হৃতিক প্রেম করছেন সাবা আজাদের সাথে।

সবচেয়ে মজার বিষয় হলো, হৃতিক-সাবা এবং সুজান-আরসলান—এই চারজনকে প্রায়শই একসাথে বিভিন্ন পার্টি ও ফ্যামিলি ভ্যাকেশনে দারুণ সময় কাটাতে দেখা যায়, যা আধুনিক সম্পর্কের এক অনন্য উদাহরণ!

Link copied!