রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. কে এম রবিউল করিম। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে সদ্য বিদায়ী সভাপতি ড. এমাজ উদ্দিনের কাছ থেকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ড. করিম রাবি সমাজকর্ম বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক (অনার্স) ও ১৯৯২ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৮ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
তিনি ২০০৫ সালে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ের ওপর এমএসসি করেন। ২০১১ সালে হংকং বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়া ২০১৮ সালে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে পাবলিক হেলথ সায়েন্স বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয় পোস্ট ডক্টরাল ফেলো রির্সাচার ও শিক্ষক হিসেবেও কাজ করেন। উচ্চমানের গবেষণার জন্য তার রয়েছে বেশ কৃতিত্ব। বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে তার বর্তমানে ৩৫টির অধিক গবেষণা পেপার রয়েছে।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম, অধ্যাপক সৈয়দা আফরিনা মামুন, ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, ড. মো শরিফুল ইসলাম, ড. শর্মিষ্ঠা রায়, ড. শেখ কবির উদ্দিন হায়দার, ড. তানজিমা জোহরা হাবিব, ড. মো. শাহিদুর রহমান চৌধুরী ও সহযোগী অধ্যাপক মো. সাঈদ আক্তার, ড. মো. জামিরুল ইসলাম, জি এম আব্দুল ওহাব প্রমুখ।







































