বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, যা বললেন স্প্যানিশ তারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৫৪ পিএম
বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, যা বললেন স্প্যানিশ তারকা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি উঠেছে আর্জেন্টিনার একদল সমর্থকদের পক্ষ থেকে। এ নিয়ে অনলাইনে একটি পিটিশনে ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষরও করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরো।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পেদ্রো পোরো জানান, ফাইনাল পুনরায় খেলার কোনো পিটিশনের বিষয়ে তিনি কিছু পড়েননি। বিষয়টিকে তিনি স্রেফ বাইরের মানুষের মন্তব্য হিসেবেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এসব শুধু বাইরের মানুষের কথা। ব্যক্তিগতভাবে এসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না।’


চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেন। ম্যাচের একটি পর্যায়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় স্প্যানিশরা। পরে বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেসের করা একমাত্র গোলটিই ব্যবধান গড়ে দেয়।


তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদের একটি অংশ দাবি করেন, রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এর পরেই ফিফার কাছে স্বচ্ছতা ও ক্রীড়াসুলভ ন্যায়বিচার নিশ্চিত করতে ভিন্ন রেফারির অধীনে ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়ে অনলাইন পিটিশন চালু করা হয়। যদিও ফুটবলের ইতিহাসে বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার কোনো নজির নেই।


এদিকে বিশ্বকাপ জয়ের পর নিজের উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। পোরো জানান, ট্রফি জিতলেও তার অর্জনের ক্ষুধা কমেনি। তিনি বলেন, ‘আমার অর্জনের এখনও অনেক কিছু বাকি। আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন ফুটবলার। সবসময় আরও শেখার চেষ্টা করি। যারা আমাকে চেনে, তারা জানে আমি সবসময় আরও বড় কিছুর স্বপ্ন দেখি।’


প্রায় দুই মাসের দীর্ঘ ও ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে নিজ শহরে ফিরে দারুণ আনন্দিত পোরো। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনকে নিজের জন্য সবচেয়ে বড় উপহার উল্লেখ করে তিনি বলেন, ‘ঘরে ফিরতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। এত মানুষকে পাশে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় উপহার। তাদের জন্য এবং যারা প্রতিদিন আমাকে সমর্থন করে, তাদের জন্য বিশ্বকাপ জিততে পারাটা অসাধারণ অনুভূতি।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!