সাহাবুদ্দিন গণহত্যার দায় এড়াতে পারেন না : বিরোধীদলীয় নেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১০:৩০ পিএম
সাহাবুদ্দিন গণহত্যার দায় এড়াতে পারেন না : বিরোধীদলীয় নেতা

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৪ এর গণহত্যার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে।

শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে প্রতিক্রিয়া জানাতে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব নিয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। আশা করি, তিনি নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেছেন, কেউ সংক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করতেই পারেন। কারণ কেউ তো আইনের ঊর্ধ্বে নন।

ডা. শফিকুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেওয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া সরে গেল।

সাবেক রাষ্ট্রপতি জুলাই গণহত্যার দায় এড়াতে পারেন কি না জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালে গণহত্যা সংঘটিত হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে তিনি কোনো কথাই বলেননি। বরং গণহত্যায় নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন। তিনি এর দায় এড়াতে পারেন না।

Link copied!