পানি ভেবে অ্যাসিড পান করা কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জয় গুহের (১৬) মৃত্যু হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্ট থাকাবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর দুদিন আগ থেকেই জয় গুহ ‘ক্লিনিক্যালি ডেড’ ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জয় গুহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী স্বপন গুহর ছেলে। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর সরকার হাটে। তবে ব্যবসায়িক কারণে কক্সবাজারে অবস্থান করতেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন জয় গুহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন বলেন, “গত ১৫ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর সরকার হাটে নিজ বাড়িতে পানি মনে করে অ্যাসিড পান করে জয় গুহ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার দুটি কিডনিই অচল হয়ে যায়। সেখানে তাকে ডায়ালাইসিস করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
চিকিৎসকরা জানান, অ্যাসিডের ক্ষারে জয় গুহের দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত হলে তাকে ডায়ালাইসিস করে সুস্থ করার চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।




































