ভারতে পাচারকালে জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৫৩ পিএম
ভারতে পাচারকালে জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ভারতে পাচারকালে জয়পুরহাটের আক্কেলপুর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি। এ সময় পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সোনামুখীর জালালপুর গ্রামের মুকুল চন্দ্র মণ্ডল (৩৮), বিহারপুর গ্রামের কামাল হোসেন (৬০), আক্কেলপুর সদরের হামিদুর রহমান (৬২) ও শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের জাকির হোসেন (৫০)।

আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল ও কামালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামিদুর ও জাকিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লতিফুল জানিয়েছেন, মূর্তি ও আটক ব্যক্তিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Link copied!