শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০২:২৪ পিএম
শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর সাত বছরের শিশু নুসরাত জাহান নুশু ধর্ষণ ও হত্যা মামলায় শাহ আলম রুবেল নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামির ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় ঘোষণা করেন। 

একই মামলায় বোরহান উদ্দিন নামের অপর এক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌসুলি মো. আবুল বাশার। 

রায়ের পর আদালত পাড়ায় অপেক্ষমান মামলার বাদী শিশু নুসরাতের মা রেহানা বেগম ও চাচা আকবর হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

আদালত সূত্রে জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ফয়েজে নূর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ২০১৮ সনের ২৩ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় নুসরাতের মা রেহানা বেগম রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২৬ মার্চ পুলিশ উপজেলার ব্রাহ্মণপাড়ার ব্রিজের নিচ থেকে নুসরাতের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে। পরে তদন্তে ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রমাণিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় প্রদান করেন।
 

Link copied!