চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুর ৩টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার ৩নং বালিয়াডাঙ্গা ইউনিয়নে বিকাল ৫টায় পুলিশ পাঠানো হয়। সেখানে পলশা গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির পুকুরে বস্তাবন্দী অবস্থায় থাকা ৩০-৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হয়। কিন্তু কেউ তাকে শনাক্ত করতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও অজ্ঞাতনামা মৃতদেহটি ৩/৪ দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে মৃতদেহের পরিচয় শনাক্তে প্রযুক্তিগত সহায়তা গ্রহণের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জড়িতদের শনাক্তেও পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি সাজ্জাদ।







































