কুমিল্লায় একই লাইনে ঢুকে পড়া দুটি ট্রেন অল্পের জন্য় মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনার শঙ্কা থেকে বেঁচে গেল। এতে হাজার যাত্রী প্রাণে বাঁচলেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৮ মিনিটে কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতের কোনো খবর জানা যায়নি।
সংশ্লিষ্টরা জানান, দুপুরে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিট দেরিতে কুমিল্লা স্টেশনে প্রবেশ করে। এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী ম্যাক্সের পাথরবোঝাই ট্রেন ছিল। মাত্র ১২০ গজ দূরত্বে দুই ট্রেনের চালক রেল থামিয়ে দেন। এ সময় ট্রেনে হাজার যাত্রী ছিলেন। একই লাইনে দুই ট্রেনের সংবাদে দুর্ঘটনার আশঙ্কায় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন।
ঘটনার পর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রোডে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।
এই ঘটনায় স্টেশন মাস্টারের দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন কর্ণফুলী ট্রেনের কর্মচারীরা। ম্যাক্সের কর্মচারীরা বলছেন, কর্ণফুলী ট্রেনের চালকের কারণেই এটি হয়েছে।
অন্যদিকে কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া বলেন, “ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।”
এদিকে এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।





































