টাঙ্গাইলের মধুপুরে বাড়ি বানানোর জন্য খনন করা গর্তের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার শোলাকুড়ি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুনের ছেলে নাঈম (৪)।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি বাড়ির তৈরির জন্য মাটি উত্তোলন করা হয়। পরে সেই জায়গায় গর্তের (ছোট পুকুর) সৃষ্টি হয়। বৃষ্টির হলে ওই গর্তে পানি জমে। ওই তিন শিশু ওই বাড়ির পাশেই খেলাধুলা করেছিল। খেলাধুলা শেষ করে তারা বাড়ির পাশের ওই গর্তে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা গর্তের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাচ্ছিলো না। পরে প্রথমে এক শিশুর লাশ ভেসে ওঠে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অন্য দুজনের লাশ উদ্ধার করে।
ফরিদ আলী আরও জানান, এ ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ সুরতহাল করছে।





































