লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে পচা হাড়িভাঙা আম বিক্রি নিয়ে সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১২ জুলাই) কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে ওই ইউনিয়নের সিরাজুল মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজিজার রংপুরের গংগাচওড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার (১০ জুলাই) সিরাজুল মার্কেটের আনারুল ইসলামের কাছ থেকে আম কেনেন শাহীন ও শামীম। ওই আম পচা হওয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে মঙ্গলবার রাতে আবার তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এতে আনারুল লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশের দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হন। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে আম বিক্রি নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































