ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৩:১৫ পিএম
ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ

পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এএম রফিকউল্লাহর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হাতবোমা নিক্ষেপের অভিযোগে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। 

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে কাশিনাথপুর মোড় অবরোধ করে বিক্ষোভের সময় উভয়দিকের যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এএম রফিকউল্লাহর রঘুনাথপুরের বাড়িতে গুলিবর্ষণ ও হাতবোমা নিক্ষেপরে ঘটনা ঘটে।

চেয়ারম্যান এএম রফিকউল্লাহ বলেন, “রাত ৩টার দিকে একদল দুর্বৃত্তরা আমার বাড়ি লক্ষ্য করে ১১টি ককটেল নিক্ষেপ করে। এছাড়া ৩টি শর্টগানের গুলি ছোড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

ওই চেয়ারম্যান আরও বলেন, “দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর সঙ্গে আমার নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) একটি বাড়িতে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন আরজু। এ ঘটনায় আমি আমিনপুর থানায় জিডি করেছি। আমার ধারণা জিডি করাতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।”

সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, “এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। সামনে জেলা আওয়ামী লীগের কাউন্সিল। আমাকে নানা ভাবে হেয়প্রতিপন্ন করতে আমার দলের মধ্যেই প্রতিপক্ষ গ্রুপ বিভ্রান্তি ছড়াচ্ছে।” 

স্থানীয়রা জানান, নগরবাড়ি ঘাট নিয়ে প্রতিপক্ষ দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তারে চেষ্টা চালিয়ে যাওয়ায় সাধারণ ব্যবসায়ীরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই ঘাটের পরিবেশ স্বাভাবিক রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে।”
 

Link copied!