কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০১:১৫ পিএম
কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিমের বিরুদ্ধে এক কৃষি কর্মকর্তাকে দফায় দফায় লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীফুল আলম চৌধুরী।

শনিবার (২৪ জুলাই) রাতে ফুলগাজী থানায় শরীফুল আলম চৌধুরী নিজে উপস্থিত হয়ে জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক তালিকা ব্লক পর্যায় থেকে প্রস্তুত করে শনিবার ফুলগাজী উপজেলা পরিষদের নিচে কৃষকের মাঝে যথাযথ নিয়মে নারিকেল চারা বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় ইউপি চেয়ারম্যান মো. সেলিম তার কয়েকজন সহযোগী নিয়ে উদ্ধত আচরণ করেন। তিনি উপস্থিত কৃষক ও উপজেলা কৃষি অফিসারসহ অন্যান্য সহকর্মীদের সামনে শরীফুল আলম চৌধুরীকে শারীরিকভাবে দফায় দফায় লাঞ্ছিত করেন। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেন ইউপি চেয়ারম্যান সেলিম।

শরীফুল আলম চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। বর্তমানে তিনি কর্মস্থলে উপস্থিত হতে শঙ্কাবোধ করছেন। তাই তিনি নিরাপদস্থানে সরে আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম থানায় জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করেন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!