হোটেলে মদ্যপান করে পর্যটকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৯:০৭ এএম
হোটেলে মদ্যপান করে পর্যটকের মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলীর আবাসিক বে ওয়ান ডাচ হোটেল থেকে রাফসানুল হক (৩২) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন আহমেদ।

এএসপি জানান, হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানামতে, ওই পর্যটক চট্টগ্রাম কোতোয়ালি থানার সৈয়দুল হকের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, ৯৩ ব্যাচের রাফসানুল হকসহ ৪ বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা সবাই হোটেলে অতিরিক্ত মদ্যপান করেন। হঠাৎ দুইজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে রাফসানের মৃত্যু হয়। অন্যজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এএসপি মহিউদ্দিন আহমেদ জানান, ওই পর্যটক অতিরিক্ত মদ্যপানে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে আরও একজন অসুস্থ হন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, “ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।”

Link copied!