সাতক্ষীরার পাটকেলঘাটায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন।
মঙ্গলবার (১৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড়ের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩৫) ও একই এলাকার ওমর আলীর ছেলে আবুল হোসেন (৩৮)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
আহত মামুন বলেন, “আমরা কাজ করে বাড়ি ফেরার পথে কুমিরা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ি। সবাই ধান কাটার জন্য শরীয়তপুরে গিয়েছিলাম। আমরা সবাই শ্রমিক।”
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান। হতাহতরা সবাই ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।







































