গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন ও শেরপুরের একজন আছেন। এদের দুজন পুরুষ ও একজন নারী।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনহর (৬৫)। উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের বিবেকানন্দ (৮১) এবং শেরপুর সদরের নুরজাহান (৪০)।
ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন। গত জুলাই ও আগস্টে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক মহিউদ্দিন খান জানান, হাসপাতালে নতুন ১১ জন রোগী ভর্তি হয়েছেন। করোনা ওয়ার্ডে বর্তমানে মোট রোগীর সংখ্যা ১০৩। আইসিইউতে চিকিৎসাধীন ১১ জন। সুস্থ হয়েছেন ২৩ জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭১ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩।
































