জয়পুরহাটের কালাইয়ে ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহিম (২৭) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম উপজেলার পুনট ইউনিয়নের খরপা গ্রামের আবু তালেবের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলু কোল্ড স্টোরে নিয়ে যাওয়ার জন্য রাস্তার ধার থেকে ব্যাটারিচালিত তিন চাকার কয়েকটি অটোভ্যানে আলুর বস্তা লোড করছিল চালকরা। এসময় ভ্যানে একটি আলুর বস্তা বাঁকা হয়ে যায়। তখন দ্রুত দিনাজপুরের নবাবপুর থেকে আসা কিচকগামী একটি ট্রাক্টর অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পরে গেলে চালকের মাথা থেঁতলে যায় এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “দ্রুতগামী একটি ট্রাক্টর আলু বোঝায় অটোভ্যানটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক্টর জব্দ ও ট্রাক্টরটির চালক দিনাজপুর জেলার নবাবপুর উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল মোমিনকে (২৫) আটক কর হয়েছে।”






































