নাটোর সদর উপজেলার কাফুরিয়া উচ্চবিদ্যালয়ের টিকাকেন্দ্রে কোভিড-১৯-এর দ্বিতীয় পর্যায়ের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই কার্যক্রম পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ এবং সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা টিকা গ্রহণের সময় ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা টিকা প্রদানকারী, পরিবার কল্যাণ সহকারী এবং কেন্দ্রের স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করেন প্রশাসন।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, জেলার ৫২টি ইউনিয়নে পর্যায়ক্রমে মঙ্গলবার ও বুধবার টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ থাকছে। প্রতিটি কেন্দ্রে ৬০০ ব্যক্তি টিকা গ্রহণ করবেন।
কাজী মিজানুর রহমান আরও জানান, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ৩৫ হাজার ব্যক্তিকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, “সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাড়াও ৭টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) টিকাদান কেন্দ্রসমূহের কার্যক্রম মনিটরিং করছেন।”





































