সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ দুইজন নিহত হয়েছেন। তারা ট্রাক ও বাস চাপায় মারা যান বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (৭ ডিসেম্বর) ভোরে এবং শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার কুমিরাডাঙ্গা গ্রামের চাঁদ মিয়া মণ্ডলের ছেলে হামিদুর রহমান (২৮) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা হাওলাদারপাড়ার শ্রী রামপদ হাওলাদারের ছেলে কানাই হাওলাদার (২৮)। হামিদুর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
সদর থানার এসআই শাহ আলম মোল্লা বলেন, “ইঞ্জিনিয়ার হামিদুর রহমান মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদুর মারা যান। তার সঙ্গে থাকা আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ শনিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এসআই আরও বলেন, “শনিবার ভোরে জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশাভ্যান শহরে আসছিল। পথে ভ্যানটি শহরের এমএ মতিন আঞ্চলিক সড়কের কোর্ট মসজিদের কাছে পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কানাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আহত কানাইয়ের বাবাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে।”





































