সিলেটে সতর্ক পুলিশ, নজরদারিতে বিএনপির নেতারা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০১:৫৯ পিএম
সিলেটে সতর্ক পুলিশ, নজরদারিতে বিএনপির নেতারা

ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনার পর সিলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নজরদারিতে রাখা হয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকে।

নগরীর প্রবেশদ্বারগুলোতে পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগরীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০টি টিম সতর্কাবস্থায় রাখা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিক্ষোভ-সভার নামে কোথাও কোনো ধরনের অরাজকতার চেষ্টা চালানো হলে তা প্রতিহত করবে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় সংঘর্ষের ঘটনার পর বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে সিলেটে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব কটি ইউনিটকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। রাতেও পুলিশের টহল জোরদার করা হয়। পাশাপাশি বিএনপির ‘অপতৎপরতা’ রুখতে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। কোথাও বিক্ষোভ সমাবেশের নামে অরাজকতার চেষ্টা চালানো হলে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদাপোশাকে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেই সঙ্গে টহল বাড়ানো হয়েছে। তবে কতসংখ্যক পুলিশ মাঠে রয়েছে, এ বিষয়টি কনফিডেন্সিয়াল।

Link copied!