মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে র‌্যাব সদস্যসহ নিহত ৩


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৯:০০ এএম
মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে র‌্যাব সদস্যসহ নিহত ৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরার লাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই সময় র‌্যাবের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন র‌্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ ভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরার আমনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী জানান, ঝিনাইদহ র‌্যাব-৬-এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়। পিকআপভ্যানে ফেনসিডিলের চালান ছিল। পিকআপ ভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে। র‌্যাব পিকআপ ভ্যানের পিছু নেয়। পরে মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক র‌্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।

এসআই লিয়াকত আলী আরও জানান, র‌্যাবের আরেক সদস্যকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। গুরুতর আহত  র‌্যাবের আরেক সদস্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

 

Link copied!