তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন : কাদের


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৪:০০ পিএম
তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন : কাদের

সংবিধান সংশোধন হবে না জানিয়ে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “মহাসমাবেশ নয়, মহাসমুদ্রে পরিণত হয়েছে পলোগ্রাউন্ড। বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে।”

সেতুমন্ত্রী বলেন, “গত ৪৭ বছরে সফল নেত্রীর নাম শেখ হাসিনা, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।”

সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে মিছিলের নগরীতে রূপ নেয়  চট্টগ্রাম। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বন্দরনগরী। নেতাকর্মীদের গায়ে ছবি সম্বলিত নানা রংয়ের পোশাকে পুরো জনসভাস্থল রঙিন হয়ে উঠেছে। এছাড়া পলোগ্রাউন্ড মাঠের আশপাশ ছেয়ে গেছে ব্যানার আর পোস্টারে।

Link copied!