কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের ‘কেয়ারী ক্রুজ এন্ড ডাইন’ নামের একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৪ ডিসেম্বর) সকালে টেকনাফ দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে জাহাজের ওপরের পার্ল লাউঞ্জ সম্পূর্ণ পুড়ে যায়। কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইন ২টি পর্যটকবাহী জাহাজ তাদের নিজস্ব ঘাট থেকে টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করতো। যা এখন বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন অফিসার মুকুল নাথ বলেন, ১০টা ১৫ মিনিটের দিকে আমরা সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাই। জাহাজের পার্ল লাউঞ্জ, যেখানে খাবার পরিবেশন করা হয়, সেখানে ২২০ ওয়াটের একটি লাইনে শর্ট সার্কিটে আগুন লাগে। এতে ৪-৫টা এসি পুড়ে যায়।

















