নাশকতার চেষ্টায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা পৌর শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আনিসুল হকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ২০ নভেম্বর বিকেলে পাবনা শহরের খেয়াঘাট এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। পরদিন নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।
জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, সেদিনের ককটেল বিস্ফোরণের অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’। সেই মিথ্যা মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যাতে নেতাকর্মী অংশ নিতে না পারে সেজন্য এ মামলা করা হয়েছে।

















