স্বামীর মৃত্যুর ৭ বছর পর স্ত্রীর মামলার আবেদন


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৫:৫৫ পিএম
স্বামীর মৃত্যুর ৭ বছর পর স্ত্রীর মামলার আবেদন

রাজশাহীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর সাত বছর পর আদালতে মামলার আবেদন করেছেন স্ত্রী মর্জিনা রহমান (৫০)।

বুধবার (১৬ নভেম্বর) স্বামীর মৃত্যুর বিচার চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলার আবেদন জমা দিয়েছেন ওই নারী। মর্জিনা নগরীর বোয়ালিয়া থানার উপশহরের বাসিন্দা।

জানা গেছে, মামলার আর্জিতে মর্জিনা তার স্বামীকে নির্যাতনে হত্যার অভিযোগ এনেছেন। এতে চার পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করেছেন। এছাড়া নাম না জানা আরও চার-পাঁচ পুলিশ সদস্যকে আসামি করার আবেদন করা হয়েছে।

মামলার আর্জিতে যাদের নাম হয়েছে, তারা হলেন, রাজশাহী নগর পুলিশের (আরএমপি) তৎকালীন কমিশনার মো. শামসুদ্দিন, বোয়ালিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার, নগর গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন পরিদর্শক আশিকুর রহমান এবং বোয়ালিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম।

মামলার আর্জিতে বলা হয়, ২০১৫ সালের ১ জানুয়ারি আইনুর রহমান মুক্তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ২৭ জানুয়ারি আইনুর রহমান মুক্তাকে উপশহর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সেদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ গুরুতর আহত আইনুর রহমান মুক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাদীর আইনজীবী মাইনুল আহসান পান্না বলেন, “রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর মর্জিনার স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাই হেফাজতে মৃত্যুর আইনে মর্জিনা মামলার আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করেছেন। কিন্তু কোনো আদেশ দেননি। পরে এ ব্যাপারে আদেশ দেবেন।”

Link copied!