ঠাকুরগাঁও সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজউদ্দীনের ছেলে হাসান (৩০)। তারা কাঁচামালের ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে মিন্টু ও হাসানসহ ৩ জন ফারাবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও ফায়ার এন্ড সিভিল সার্ভিসের লিডার আজাদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।”
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগে দুজন মারা গেছেন। অপর একজন চিকিৎসাধীন।”


































