ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (৮ অক্টোবর) সকালে পৃথক অভিযানে উপজেলার সামন্তা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের বাড়ি খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে। তারা প্রত্যেকেই বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল।
৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় সামন্তা সীমান্তের রুলিগ্রাম ও যাদবপুর সীমান্তের সোনাডাঙ্গা গ্রাম থেকে ৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশুকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।




































